বাজার সিন্ডিকেট ধ্বংসের দায়িত্ব সরকারকেই নিতে হবে : ইনু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য বাজার সিন্ডিকেট ধ্বংস করার দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সোমবার বিকালে নগরীর গণকপাড়া জয় বাংলা চত্বরে জাতীয় যুবজোটের উদ্যোগে রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনগণ দুঃখ-কষ্টে আছে। সরকার ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাজার সিন্ডিকেট কারসাজি করেই চলেছে। কোনো অজুহাত না দেখিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য বাজার সিন্ডিকেট ধ্বংস করার দায়িত্ব সরকারকেই নিতে হবে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জনগণের দুঃখ-কষ্টকে পুঁজি করে ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছে। বিএনপি-জামায়াতের কাছে সংকট সমাধানের কোনো প্রস্তাব নেই। বিএনপি আন্দোলনের নামে যা করছে, তার ভেতরে গণতন্ত্রও নেই। বিএনপি-জামায়াত ক্ষমতা ছাড়া আর কিছুই বোঝে না।
জাসদ সভাপতি বলেন, দেশের যুব সমাজকে দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দুর্দশাগ্রস্ত জনগণের পাশে দাঁড়ানোর পাশাপাশি বাংলাদেশের চিরশত্রু মৌলবাদী-জঙ্গিবাদী-তালেবানি শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াতের ক্ষমতা দখলের রাজনীতিও মোকাবিলা করতে হবে।

সমাবেশে তিনি আরও বলেন, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, অন্যথায় বেকার ভাতা প্রদান করতে হবে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩ বছর করতে হবে।

সমাবেশে যুব জোটের সভাপতি শরিফুল ইসলাম সুজনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি শরিফুল কবির স্বপন। এ ছাড়া বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি অ্যাডভোকেট মজিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights