রমজান উপলক্ষ্যে ৯০০ কারাবন্দীকে নিজ খরচে মুক্ত করবেন দুবাইর ব্যবসায়ী

অনলাইন ডেস্ক

ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে কারাগারে বন্দী আছেন অনেক মানুষ। এদের মধ্যে একজন ২০১৯ সাল থেকে ১ হাজার ১০০ দিরহাম দেনা শোধ করতে না পারায় কারাভোগ করছেন। একজনের ঋণ ৫ হাজার ৩০০ দিরহাম। আরেকজন ১৫ হাজার দিরহাম শোধ করতে না পেরে জেলের ঘানি টানছেন। কারারুদ্ধ এসব মানুষের মুক্তির আশা ক্রমশ ক্ষীণ হচ্ছিলো।

তবে তাদের জন্য ত্রাতা হিসেবে হাজির রমজান মাস। রমজানের উপলক্ষ্যে তাদের মুক্ত করার ব্যবস্থা নিয়েছেন দুবাইভিত্তিক ভারতীয় জুয়েলারি ব্যবসায়ী ফিরোজ মার্চেন্ট। তিনি ঋণগ্রস্ত এইসব মানুষের ঋণ শোধ করার উদ্যোগ নিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, মোট ৯০০ কারাবন্দীকে এবার তিনি নিজ খরচে মুক্ত করবেন। এ জন্য তাকে গুণতে হবে ১৫ লাখ দিরহাম।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে ওই ব্যবসায়ী জানান, কারাবন্দীদের নিয়ে খুব কম মানুষই ভাবেন। এদের অনেকেই খুব বড় মাপের অপরাধী নন। এরা আসলে ভাগ্যের ফেরে পড়েছেন। আর তারা মুক্তি পেয়ে নতুন করে জীবন শুরু করার অধিকার রাখেন। আর তিনি সে কাজটায় মাধ্যম হতে চান।
২০০৮ সাল থেকেই কারাবন্দীদের মুক্তির কার্যক্রম হাতে নেন এই ব্যবসায়ী। বন্দীদের মুক্তির পর নিজ দেশে ফেরার ব্যবস্থাও করেন তিনি।

জানা যায়, গত ১৬ বছরের ২০ হাজার মানুষকে তিনি কারার আঁধার জীবন থেকে বাইরের পৃথিবীর আলো দেখার সুযোগ করে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights