বাণিজ্য মেলায় কারা প্যাভিলিয়নের প্রথম স্থান

বিশেষ প্রতিনিধি

সদ্য সমাপ্ত ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা–২০২৬-এ সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ জেল প্যাভিলিয়ন। দৃষ্টিনন্দন নকশা, সুশৃঙ্খল ও সুবিন্যস্ত ব্যবস্থাপনা এবং বন্দীদের তৈরি পণ্যের মান ও বৈচিত্র্যের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা কর্তৃপক্ষ সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরিতে কারা প্যাভিলিয়নকে প্রথম পুরস্কার প্রদান করে।

গতকাল শনিবার বিকালে বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছ থেকে কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. মেছবাহুল আলম সেলিম বাংলাদেশ জেল প্যাভিলিয়নের পক্ষে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দীদের উৎপাদিত পণ্য দিয়ে সাজানো কারা প্যাভিলিয়নটি মেলায় ছিল অন্যতম আকর্ষণ। এবারে দেশের ৩৮টি কারাগারের বন্দীদের তৈরি ৪০২ প্রকার পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। হস্ত ও কারুশিল্পসহ বিভিন্ন পণ্যে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা যায়।

মেলা চলাকালে কারা প্যাভিলিয়ন থেকে মোট ৭০ লাখ ২৮ হাজার ৭০৩ টাকার পণ্য বিক্রি হয়, যা অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উৎপাদন) এ কে এম মাসুম, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট–২-এর সিনিয়র জেল সুপার আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights