বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। রবিবার দুপুর ১টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টের ৪২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঞোমং তংচঙ্গ্যার ছেলে অক্যমং তংচঙ্গ্যা (৪০), মৃত উইমং তংচঙ্গ্যার ছেলে চিক্যং তংচঙ্গ্যা (৩৪) এবং সুনি অং তংচঙ্গ্যার ছেলে শৈফুচিং তংচঙ্গ্যা (৩২)। তারা সকলেই ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুক্যা পাড়ার বাসিন্দা।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
