বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা শামছুল ইসলাম

অনলাইন ডেস্ক

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম সূর্য আজ শুক্রবার পরিবারসহ তার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে যান। বাদ জুমা নিজ বাড়ির সামনে শায়িত বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি।

কবর জিয়ারতের পর স্থানীয়দের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি কোনো ধরনের দাঙ্গা-হাঙ্গামা পছন্দ করি না। সবাইকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখে নান্দাইল গড়ার পাশাপাশি দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানাচ্ছি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শামছুল ইসলাম সূর্য নান্দাইল পৌরশহরের চারিআনিপাড়া মহল্লার বাসিন্দা। বৃহস্পতিবার তিনি কোনো ধরনের প্রোটোকল ছাড়াই সাদাসিধাভাবে নিজ বাড়িতে আসেন। তাকে দেখে প্রতিবেশীরা ছুটে এসে কুশল বিনিময় করেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও বিএনপি সরকার গঠনের পর এই প্রথম তার নান্দাইলে আগমন।

এর আগে, তিনি বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তাবিষয়ক টিমের চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবেও পরিচিত।

সূত্র জানায়, জাতীয়তাবাদী রাজনৈতিক ধারার সঙ্গে সম্পৃক্ততার কারণে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় বিরূপ পরিস্থিতির মুখে পড়েন। ২০২৫ সাল পর্যন্ত চাকরির মেয়াদ থাকা সত্ত্বেও ২০১৮ সালে তাকে চাকরিচ্যুত করা হয়।

ব্যক্তিগত জীবনে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম সূর্য দুই সন্তানের জনক। বড় ছেলে একজন প্রকৌশলী এবং ছোট ছেলে মালয়েশিয়ায় অধ্যয়নরত। তার স্ত্রী ইশরাত জাহান মলি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights