বায়ুদূষণে শীর্ষে সিঙ্গাপুর, ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
অনলাইন ডেস্ক
জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই। এ অবস্থায় বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় গত কয়েক দিন ধরেই ঢাকার বাতাস অস্বাস্থ্যকর।
আজ সাপ্তাহিক ছুটির দিনেও ১৭৯ স্কোর নিয়ে তালিকার ৩ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের এই মানকে ধরা হয় ‘অস্বাস্থ্যকর’।
শুক্রবার (১৬ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, এদিন বিশ্বের বায়ুদূষণ শহরগুলোর তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। যার বায়ুমান স্কোর ২৪৫। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া বায়ুমান স্কোর ১৮২ নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, ১৭৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, এ ছাড়া একই স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং পঞ্চম স্থানে থাকা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের স্কোর ১৭৯।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
