বারবার পেছাচ্ছে নেতানিয়াহুর ঘুষের মামলা, রহস্যময় সেই ‘খাম’ নিয়ে সরব বিরোধীরা
আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা আলোচিত ঘুষ ও বিশ্বাসভঙ্গের মামলার বিচার প্রক্রিয়া বারবার পিছিয়ে যাচ্ছে। এই মামলায় তার বিরুদ্ধে একটি সংবাদমাধ্যমের কাছ থেকে নিজের অনুকূলে সংবাদ প্রচারের বিনিময়ে নিয়ন্ত্রক নীতিতে পরিবর্তনের মতো অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগ রয়েছে।
শুরু থেকেই নেতানিয়াহু এসব অভিযোগ অস্বীকার করে আসলেও বিচারকাজ সম্পন্ন হওয়া নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।
পর্যবেক্ষকদের মতে, ২০২৩ সাল থেকে চলমান যুদ্ধ পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে এই বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা হচ্ছে। এমনকি যখনই নেতানিয়াহু আদালতে উপস্থিত হন, তখন প্রায়ই একটি করে ‘সিল করা খাম’ তার কাছে বা বিচারকের হাতে পৌঁছাতে দেখা যায়। এরপরই কোনো এক অজ্ঞাত কারণে ওই দিনের মতো আদালতের কার্যক্রম দ্রুত সমাপ্ত ঘোষণা করা হয়। রহস্যময় এই খাম বা বারংবার শুনানি মুলতবি হওয়াকে একটি পরিকল্পিত কৌশল হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
ইসরায়েলের বিরোধী দলগুলোর দাবি, এটি বিচার এড়ানোর একটি রাজনৈতিক চাল মাত্র। তাদের মতে, প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে মামলাটি ঝুলিয়ে রাখছেন, কারণ এই মামলায় দোষী সাব্যস্ত হলে তিনি ভবিষ্যতে আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
বিচারের এই মন্থর গতি নিয়ে জনগণের একাংশের মধ্যেও তীব্র অসন্তোষ দেখা দিয়েছে, যারা মনে করছেন যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
