বালিয়াকান্দিতে অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ঘরে থাকা লোকজনের হাত-পা ও মুখ বেঁধে স্বর্ণালংকার ও নগদ ১৫ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার সকালে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী মিনা বলেন, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আমার ঘরের দরজা ভেঙে চারজন দস্যু দলের সদস্যরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। আমিসহ আমার শ্বশুর ও শাশুড়িকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে।
পরে আমার ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা ও এক জোড়া সোনার চুরি, কানের দুল, আংটি ও ব্রেসলেট নিয়ে যায়। সব মিলিয়ে আমার পাঁচ ভরি স্বর্ণ হবে। তারা মুখে কালো কাপড় পরা ছিল বলে কাউকে চিনতে পারা যায়নি।

বালিয়াকান্দি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার মামলা করলে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করবে। এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights