বাসাইলে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে রাস্তার পাশের জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার কাশিল ইউনিয়নের বিয়ালা মাদ্রাসার উত্তর পাশ থেকে নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

স্থানীয়রা জানান, উপজেলার বিয়ালা মাদ্রাসার উত্তর পাশে জঙ্গলে কান্নার শব্দ পেয়ে আশেপাশে থাকা বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেন। পরে দ্রুত বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক নবজাতক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় শারমিন বেগম বলেন, আমি প্রথমে রাস্তার পাশে জঙ্গলে কান্নার শব্দ পাই। পরে আমার ভাগনেকে ডাক দিই। ভাগনে আসার পর জঙ্গল থেকে নবজাতক কন্যাশিশুটিকে আমি কোলে তুলে নিই। নবজাতক শিশুটির মাথায় আঘাতের দাগ রয়েছে। এ ছাড়াও শিশুটির পুরো শরীরে পিঁপড়া ছিল।

রফিকুল ইসলাম বলেন, আমি বাড়িতে খেতে বসব তখন আমার খালা ডাক দেয়। আমি সঙ্গে সঙ্গে রাস্তার পাশে যাই। পরে জঙ্গলের মধ্যে নবজাতক দেখতে পাই। খালা নবজাতক কন্যাশিশুটিকে কোলে তুলে নেন। শিশুটির মাথায় আঘাতের দাগ থাকায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন বলেন, বিকেলে উপজেলার বিয়ালা মাদ্রাসার উত্তর পাশে জঙ্গল থেকে এক নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়। নবজাতক কন্যাশিশুটি উপজেলা সমাজসেবা অফিসারের তত্ত্বাবধানে রয়েছে। শিশুটির মাথায় আঘাতের দাগ থাকায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights