স্বাস্থ্যগত কারণে ওপেনএআই ছাড়ছেন দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা ফিদজি সিমো
অনলাইন ডেস্ক
ওপেনএআই-এর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা ফিদজি সিমো পদত্যাগ করছেন। স্বাস্থ্যগত কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার তিনি তার পূর্ণকালীন চাকরি ছাড়ার ঘোষণা দেন। তবে তিনি প্রতিষ্ঠানটির খণ্ডকালীন উপদেষ্টা হিসেবে কাজ চালিয়ে যাবেন।
৪০ বছর বয়সী ফরাসি-আমেরিকান এই কর্মকর্তা গত এপ্রিল থেকে চিকিৎসা ছুটিতে ছিলেন। তিনি ২০১৯ সাল থেকে স্নায়ুর এক জটিল রোগে (পিওটিএস) ভুগছেন। তিন মাস বিশ্রামের পর তিনি বুঝতে পারেন, পুরোপুরি সুস্থ হতে তার আরও অনেক বেশি সময় লাগবে।
২০২৫ সালের মাঝামাঝি সময়ে তিনি চ্যাটজিপিটি তৈরির প্রতিষ্ঠান ওপেনএআই-তে যোগ দেন। সেখানে তিনি প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের অন্যতম প্রধান সহযোগী হয়ে ওঠেন। এর আগে তিনি ইনস্টাকার্ট ও মেটার মতো বড় প্রতিষ্ঠানেও কাজ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, গত ৭ বছর ধরে অসুস্থ থাকার পরও তিনি কাজের চাপ কমানোর পরামর্শ শোনেননি। কিন্তু এখন নিজের সুস্থতার দিকে নজর দিতে এই সিদ্ধান্ত নিচ্ছেন।
তার বিদায়ে ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক্সে লিখেছেন, ফিদজি ওপেনএআইয়ের জন্য যা করেছেন, সেজন্য তিনি অনেক বেশি কৃতজ্ঞ। অল্টম্যান তার দ্রুত সুস্থতাও কামনা করেন।
