ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে, অভিযোগ পেলের মেয়ের

স্পোর্টস ডেস্ক

ব্রাজিলের ফুটবল প্রশাসন ও সামগ্রিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার পেলের বড় মেয়ে ও প্রামাণ্যচিত্র নির্মাতা কেলি নাসিমেন্তো।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, দেশটির ফুটবল প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতার তীব্র অভাব রয়েছে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে জাতীয় দলের মাঠের পারফরম্যান্সে। ব্রাজিলের ফুটবলকে একটি ‘বন্ধ ও অস্বচ্ছ বৃত্ত’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, কেন এই ব্যবস্থা কাজ করছে না তা সবাই জানে, কিন্তু কেউ এটি সংস্কার করতে পারছে না।

চলতি বিশ্বকাপে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের বিদায় নেওয়ার পর ফুটবল বিশ্বে যে তোলপাড় সৃষ্টি হয়েছে, তারই প্রেক্ষিতে কেলি নাসিমেন্তো এই মন্তব্য করলেন। ১৯৯০ সালের পর এবারই প্রথম কোয়ার্টার ফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যারা সর্বশেষ ২০০২ সালে ট্রফি জিতেছিল।

পেলের মেয়ে উল্লেখ করেন, ব্রাজিলে প্রতিভার অভাব নেই এবং এখনো সেখান থেকে বিশ্বমানের ফুটবলার তৈরি হচ্ছে, তবে আন্তর্জাতিক মঞ্চে দলগত ব্যর্থতার মূল কারণ হলো ফুটবল কাঠামোর ভেতরের গভীর সংকট। জীবিতাবস্থায় তার বাবা পেলে নিজেই ব্রাজিলের ফুটবলের এই অধঃপতন নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

অন্যদিকে ফরাসি ফুটবলের পরিকল্পিত ও কার্যকর কাঠামোর প্রশংসা করে কেলি বলেন, ফ্রান্সের মতো দেশগুলো একটি দারুণ টেকসই ব্যবস্থা গড়ে তুলেছে, যা ব্রাজিলে অনুপস্থিত। তবে বর্তমান পরিস্থিতিতে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবগুলোতে বিদেশি বিনিয়োগের আগমনকে কিছুটা আশাব্যঞ্জক পরিবর্তন হিসেবে দেখছেন তিনি।

মার্কিন ব্যবসায়ী জন টেক্সটরের অধীনে বোটাফোগো ক্লাবের পুনরুত্থানের উদাহরণ টেনে তিনি বলেন, এই ধরনের বিনিয়োগের ফলে ক্লাবের কার্যক্রমে অন্তত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। অনেক সমালোচনা থাকলেও এই জবাবদিহিতার সংস্কৃতি ব্রাজিলের ফুটবলের জন্য একটি ইতিবাচক দিক হতে পারে বলে তিনি মনে করেন।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights