স্পেন ছেড়ে চেক প্রজাতন্ত্রের ডাগআউটে ডেনিয়া

অনলাইন ডেস্ক

স্পেনের সাবেক যুব কোচ সান্তি ডেনিয়াকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে চেক প্রজাতন্ত্র। শুক্রবার এক বিবৃতিতে এ ঘোষণা দেয় দেশটির ফুটবল সংস্থা।

৫২ বছর বয়সী ডেনিয়া চেক প্রজাতন্ত্রের ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে জাতীয় দলের দায়িত্ব নিলেন। তার সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে, যেখানে মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

ডেনিয়া দায়িত্ব নিচ্ছেন মিরোস্লাভ কৌবেকের স্থলাভিষিক্ত হয়ে। ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর পদ ছেড়ে দেন কৌবেক। টুর্নামেন্টে মাত্র এক পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ শেষ করে দলটি।বিশ্বকাপ টিকিট

দায়িত্ব পেয়ে ডেনিয়া বলেন, ‘এখানে আসতে পারাটা আমার জন্য বিশাল সম্মানের। চেক ফুটবলের সমৃদ্ধ ইতিহাস রয়েছে এবং এই প্রকল্প আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করছে। যত দ্রুত সম্ভব কাজ শুরু করাই এখন আমার একমাত্র লক্ষ্য।’

২০২৪ প্যারিস অলিম্পিকে স্পেনকে স্বর্ণপদক জেতান ডেনিয়া। আগামী সেপ্টেম্বরে চেকিয়ার হয়ে প্রথম ম্যাচে ডাগআউটে দাঁড়াবেন। ইউয়েফা নেশনস লিগে ২৬ সেপ্টেম্বর ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে এবং তিন দিন পর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তার দল।

এ ছাড়া ৪ অক্টোবর নেশনস লিগে ২০২৬ ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনেরও মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র। ফলে নিজের সাবেক সহকর্মী লুইস দে লা ফুয়েন্তের বিপক্ষে কোচিং লড়াইয়ে নামবেন ডেনিয়া।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি স্পেনে জন্মেছি এবং ১৫ বছর দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে কাজ করেছি। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। আমি স্পেনের বিপক্ষেও জিততে চাই।’

খেলোয়াড়ি জীবনে সেন্টার-ব্যাক হিসেবে ১৯৯৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলেছেন ডেনিয়া। স্পেন জাতীয় দলের জার্সিতেও দুটি ম্যাচ খেলেছেন তিনি।

কোচ হিসেবে তার সাফল্যের ঝুলিও সমৃদ্ধ। ২০২৪ প্যারিস অলিম্পিকে স্পেনকে স্বর্ণপদক জেতানোর পাশাপাশি ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ এবং ২০১৯ সালে অনূর্ধ্ব-১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনকে শিরোপা উপহার দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights