বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে আইনজীবীর সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাপুর থেকে বিভিন্ন রুটে যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে সাধারণ যাত্রীদের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন জজ কোর্টের একজন সিনিয়র আইনজীবী।

বুধবার বেলা ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান মো. সামসুল ফারুক নামের ওই আইনজীবী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা-কুমিল্লা-চৌমুহনী রুটে অনেক যাত্রীবাহী বাস চলাচল করে। সোনাপুর থেকে ঢাকার নির্ধারিত ভাড়া ৪৪৯ টাকা, অথচ নেওয়া হচ্ছে ৫০০ টাকা। একইসঙ্গে যাত্রীদের নানাভাবে হয়রানি করছে পরিবহনগুলো।
এ বিষয়ে ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার, বিআরটিএ ও বাস মালিক সমিতিকে ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তিনি। এ সময়ের মধ্যে কোনো ব্যবস্থা না নিলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

অভিযোগের বিষয়ে ডিসি খন্দকার ইশতিয়াক আহমদ বলেন, লিখিত অভিযোগ পেলে ভোক্তা অধিকারের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights