বিএনপির কোনো শান্তিপ্রিয় নিরীহ নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে না : কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি :

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, আজকে দেশে একটি রাজনৈতিক দল উন্মাদনা এবং আগুন সন্ত্রাস করেছ। নির্বাচন করতে দিবে না, সংবিধান অনুযায়ী দেশ চলবে না। আমি মনে করি তারা দেশের মঙ্গল ও কল্যাণ চায় না। তারা বিগত সময়ে যেভাবে আগুন দিয়েছিল তা বর্বরোচিত। আমরা দেখেছি ১৪ ও ১৫ সালে তারা গাড়ি পুড়িয়েছে, রেল লাইন লাইন তুলেছে, বিদ্যুতের লাইন কেটেছে এবং জীবন্ত মানুষকে গাড়িতে পুড়িয়েছে। ২৮ আগস্টে একই কায়দায় বর্বরোচিতভাবে পুলিশকে হত্যা করেছে।

শুক্রবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মুশুদ্দি উত্তরপাড়া গ্রামে খামারি মোবাইল অ্যাপের কার্যকারিতা যাচাই ও উচ্চ ফলনশীল আমন ধানের ফসল কর্তন ও কৃষক সমাবেশে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা যদি দেশের উন্নয়ন ধারাবাহিকতা রাখতে চাই, তাহলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। দেশে শান্তি দরকার এবং সুন্দর ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দরকার। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এ সরকার জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপি আগুন সন্ত্রাস সহিংসতা পথ ছেড়ে, তারা আবার নির্বাচনে আসবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপিকে ধরপাকড় করা হচ্ছে না। তাদের কর্মীদেরকে প্ররোচিত করা হচ্ছে আগুন সন্ত্রাস করার জন্য। সেটি কোন ভাবেই গ্রহণযোগ্য হয। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব মানুষের জানমাল নিরাপত্তা দেয়া। তাদের গাড়িগুলো নিরাপত্তা দেয়া। দোকানপাট খুলে ব্যবসা বাণিজ্যকে অব্যহত রাখা। দোকান বন্ধ থাকলে কর্মচারীরা না খেয়ে মারা যাবে। সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে। শান্তিপ্রিয় কোন বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে না।

তিনি আরো বলেন, বাংলাদেশ ঘনবসতি দেশ। জমি কমে যাচ্ছে। ৭ কোটির মানুষ এখন ১৭-১৮ কোটি। এই মানুষকে খাওয়াতে হলে আরো উন্নত জাত ফলনশীল উৎপাদন করতে হবে। সে লক্ষ নিয়ে প্রধানমন্ত্রী দুটি কাজ করছেন।

কৃষি মন্ত্রালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রহুল আমিন তালুকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম, বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক জালাল উদ্দীন, বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আবদুল আউয়াল, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights