বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে ভাংচুর ও আগুন দিয়ে পুঁড়িয়ে দেওয়া হয়েছে ১৩টি মোটরসাইকেল।
জুট ব্যবসাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিদিয়া মায়ের মসজিদ এলাকায় রাইদা কালেকশন কারখানায়। আহতরা হলেন, জুয়েল ঢালী(৩২), মোবারক (৩০), জুনায়েদ (২৮), রফিকুল (৩০), মজিবুর রহমান(৫০), আনোয়ার (৩০), শাহিন আলম (৪৫), ফারুক (২৮) ও বাকীরা অজ্ঞাত।
স্থানীয়রা জানায়, যুবলীগ নেতা সাইফুলের পক্ষে ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও সহ-সভাপতি মজিবর মন্ডল গ্রুপ এবং স্থানীয় যুবদল নেতা শামীম গ্রুপের মধ্যে কারখানার সামনে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে সংঘর্ষ মহাসড়কে চলে গেলে বন্ধ হয়ে যায় যানচলাচল।
আহত রফিকুল জানায়, দু’পক্ষের সংঘর্ষের সময় প্রত্যক্ষদর্শী হিসেবে দাঁড়িয়ে ছিলাম এসময় হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মজিবর মন্ডল ও তার ছেলে আলামিন ও অন্যরা এসে আমার উপর হামলা চালায়।
যুবদল নেতা শামিম আহাম্মেদ জানান, যুবলীগ নেতা ও আওয়ামী সন্ত্রাসী সাইফুলের সাথে মিলে স্থানীয় বিএনপির নিবেদিত কর্মীদের উপেক্ষা করে হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও সহ-সভাপতি মজিবর রহমান মন্ডল জোর করে মাল বের করে নেওয়ার সময় আমাদের উপর হামলা করে। এ সময় তারা আমাদের ২৫/৩০ জন আহত নেতার্মীদের আহত করে ও আমাদের ১৩ টি মটর সাইকেল পুডিয়ে দেয়।
ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, দুই গ্রুপের লোকজন আশে পাশে থাকা দোকানপাটে হামলা চালায় ও ১৩টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। মহা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পরেন সাধারণ যাত্রীরা। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ শামসুল হুদা খান জানান, এ ঘটনায় পুড়িয়ে দেওয়া মোটর সাইকেল উদ্ধার করে থানা আনা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
