বিএনপি নেতা আমীর খসরুর জামিন আবেদন গ্রহণের নির্দেশ

অনলাইন ডেস্ক

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রমনা ও পল্টন থানার পৃথক আট মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আমীর খসরুর রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে জামিন আবেদন গ্রহণ করে তা আইনানুযায়ী নিষ্পত্তি করতে বলা হয়েছে।
এর আগে গত বছরের ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে রমনা ও পল্টন থানার আট মামলায় জামিন আবেদন গ্রহণ না করায় গত ২ জানুয়ারি রিট করেন আমীর খসরু।

এর মধ্যে চারটি পল্টন থানার এবং চারটি রমনা থানার মামলা। যা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিচারাধীন রয়েছে।

আমীর খসরুর আইনজীবী সগীর হোসেন বলেন, ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গত ২ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়। এটি ছাড়া আরও নয়টি মামলায় তার নাম থাকলেও সেগুলোতে গ্রেফতার দেখানো হয়নি। এসব মামলায় তার জামিন আবেদন করা হলেও আদালত তা গ্রহণ করেননি। তবে পল্টন থানার একটি মামলায় এরই মধ্যে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। হাইকোর্ট ৮ মামলায় আমীর খসরুর জামিন আবেদন গ্রহণ করে ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights