রাজশাহীর আরডিএ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মহানগরীর আরডিএ মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ১০টি ইউনিট পাঠানো হয়েছিল। ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। রাত পৌনে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে এই আগুন লেগেছে তা জানার চেষ্টা চলছে। সেটা শর্টসার্কিট থেকেও হতে পারে। ক্ষয়ক্ষতি কতখানি হয়েছে তাও বলা যাচ্ছে না। পরে তদন্ত করে জানানো হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরডিএ মার্কেটে আগুনের লেলিহান শিখা দূর পর্যন্ত দেখা গেছে। আগুনের ভয়ে লোকজন মার্কেট থেকে দ্রুত বেরিয়ে আসেন। ব্যবসায়ীরাও যে যার মতো মালপত্র নিয়ে বের হওয়ার চেষ্টা করেন।

এ মার্কেটটি অগ্নিনির্বাপণের জন্য খুবই ঝুঁকিপুর্ণ উল্লেখ করে ফায়ার সার্ভিস থেকে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে। তারপরও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, আরডিএ মার্কেটের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights