বিএসইসির নতুন কমিশনার হলেন হোসেন সাদাত

অনলাইন ডেস্ক
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন হোসেন সাদাত।

মঙ্গলবার (২৮ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (পুঁজিবাজার-১ শাখা) উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য তাকে কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগের শর্ত অনুযায়ী নতুন কমিশনারকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। তার বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী নির্ধারিত হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ নিয়োগাদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

হোসেন সাদাত (এফসিএস) বর্তমানে ‘ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ’ (আইসিএসবি)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট’ (বিআইসিএম), ‘কর্পোরেট সেক্রেটারিজ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন’ এবং আইসিএসবির বোর্ড বা কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights