বিক্ষোভের পর বহিস্কৃত স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বহিস্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর বিক্ষোভের পর গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা ১২টার দিকে এলাকাবাসীর বিক্ষোভের পর তাকে গ্রেফতার করা হয় বলে জানান কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম।

গ্রেফতার রিয়াজ মাহমুদ মিল্টন (৪৭) নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার বাসিন্দা প্রয়াত শাহজাহান খানের ছেলে। বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ছিলেন তিনি।

২০২৫ সালের ৩১ জুলাই সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ী গ্রামে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটুর দুই পায়ের রগ কেটে, কুপিয়ে ও ডান হাত বিচ্ছিন্ন করে পুকুরে চুবিয়ে হত্যা মামলার প্রধান আসামি মিল্টন। ওই মামলায় গ্রেফতারের পর দীর্ঘদিন কারাগারে ছিলো সে। মামলার আসামি হওয়ার পর তাকে সংগঠন থেকে বহিস্কারও করা হয়।

মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মিল্টনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এলাকাবাসী থানার সামনে বিক্ষোভ করেছে। এছাড়াও এক নারী তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছে। মামলার পর তাকে গ্রেফতার হয়। গ্রেফতার করার পর থানায় অসুস্থ হয়ে পড়ে। তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আদালতের কাউনিয়া থানার জিআরও এএসআই মো. এমদাদ বলেন, আসামি অসুস্থ থাকায় বিচারকের নির্দেশে পুলিশ প্রহরায় হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights