৮০ লাখ ডলার মূল্যের ভার্চুয়াল মুদ্রা চুরির পরিকল্পনা, ব্রিটিশ তরুণের দোষ স্বীকার

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ১২টি প্রতিষ্ঠানের কম্পিউটার হ্যাক করে প্রায় ৮০ লাখ ডলার মূল্যের ভার্চুয়াল মুদ্রা চুরির পরিকল্পনার দায়ে দোষী সাব্যস্ত হলেন স্কটল্যান্ডের তরুণ টাইলার বুকানান। ২৪ বছর বয়সী এই তরুণ মার্কিন আদালতে তার অপরাধ স্বীকার করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ।

ডান্ডি এলাকার বাসিন্দা বুকানান মূলত একটি সংঘবদ্ধ চক্রের হয়ে কাজ করতেন। এই চক্রটি বিভিন্ন কোম্পানির কর্মীদের মুঠোফোনে টেক্সট মেসেজের মাধ্যমে ভুয়া লিংক পাঠিয়ে বা ফিশিং আক্রমণ চালিয়ে তাদের লগইন তথ্য হাতিয়ে নিত।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, এভাবে কৌশলে কর্মীদের কম্পিউটার সিস্টেমে প্রবেশের সুযোগ তৈরি করত তারা। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত টেলিকম কোম্পানি, আইটি সরবরাহকারী এবং ক্লাউড কমিউনিকেশন প্রতিষ্ঠানের কর্মীদের লক্ষ্য করে শত শত ভুয়া বার্তা পাঠিয়েছে এই চক্রটি।

তদন্তকারীদের মতে, বুকানানের বাড়িতে অভিযানের সময় উদ্ধার করা একটি ডিভাইসে একাধিক ভিকটিমের নাম ও ঠিকানা পাওয়া গেছে। এছাড়া একটি টেক্সট ফাইলে এক ব্যক্তির ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টের ‘সিড ফ্রেজ’ ও লগইন তথ্য সংরক্ষিত ছিল। বুকানান এবং তার সহযোগীরা একটি ফিশিং কিট তৈরি করেছিলেন, যার মাধ্যমে কর্মীদের প্রবেশ করানো তথ্য সরাসরি তাদের পরিচালিত একটি টেলিগ্রাম চ্যানেলে চলে আসত।

গত বছরের এপ্রিল থেকে বুকানান যুক্তরাষ্ট্রে ফেডারেল হেফাজতে রয়েছেন। আগামী ২১শে আগস্ট তার সাজা ঘোষণা করার কথা রয়েছে, যেখানে অপরাধের গুরুত্ব বিবেচনায় তার সর্বোচ্চ ২২ বছরের কারাদণ্ড হতে পারে।

এই চক্রের সাথে জড়িত অন্য এক সদস্য নোয়া মাইকেল আরবান ইতিপূর্বেই তার অপরাধ স্বীকার করেছেন এবং বর্তমানে তিনি ১০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। আরবানকে ১৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। এই বিশাল ডিজিটাল জালিয়াতি চক্রকে শনাক্ত করতে এফবিআই-এর সাথে কাজ করেছে স্কটল্যান্ড পুলিশসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights