বিগ ব্যাশে ফিরছেন বোল্ট

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে ফিরছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। ২০২৬-২৭ মৌসুমের পুরো আসরের জন্য ৩৭ বছর বয়সী এই পেসারের সঙ্গে চুক্তি করেছে সিডনি থান্ডার।

আগামী মৌসুমে থান্ডারে নিউজিল্যান্ডের আরেক পেসার লকি ফার্গুসনের সঙ্গে খেলবেন বোল্ট। বিগ ব্যাশে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে এবং দলের সাফল্যে অবদান রাখতে মুখিয়ে আছেন তিনি।

বোল্ট বলেন, আবার বিগ ব্যাশে খেলতে এবং সিডনি থান্ডারে লকি ফার্গুসনের সঙ্গে যোগ দিতে তিনি উন্মুখ। দলের সঙ্গে মানিয়ে নিয়ে অবদান রাখার পাশাপাশি সমর্থকদের মনেও ছাপ রাখতে চান তিনি।

অভিজ্ঞ এই পেসার আরও বলেন, ক্রিকেট তাঁকে বছরের পর বছর অনেক কিছু দিয়েছে। এখনো মাঠে নেমে উইকেট নেওয়া, দলের জন্য অবদান রাখা এবং পাওয়ারপ্লেতে আক্রমণাত্মক বোলিং করতে ভালোবাসেন তিনি।

বিগ ব্যাশে এর আগে মাত্র এক মৌসুম খেলেছেন বোল্ট। ২০২২-২৩ মৌসুমে মেলবোর্ন স্টার্সের হয়ে আট ম্যাচে আটটি উইকেট নিয়েছিলেন তিনি। এবার নতুন দল সিডনি থান্ডারের হয়ে নিজের পারফরম্যান্স আরও সমৃদ্ধ করতে চান এই বাঁহাতি পেসার।

তবে বিগ ব্যাশের শেষ দিকে সূচি নিয়ে জটিলতায় পড়তে পারেন বোল্ট। ২০২৬-২৭ মৌসুমের বিগ ব্যাশ শেষ হবে আগামী ২৬ জানুয়ারি। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টি শুরু হবে ১৭ জানুয়ারি। সেখানে এমআই কেপ টাউনের হয়ে খেলবেন তিনি, যাদের অভিযান শুরু হবে ২০ জানুয়ারি। ফলে সিডনি থান্ডার প্লে-অফে উঠলে দুই টুর্নামেন্টের সূচির সংঘাত তৈরি হতে পারে।

সর্বশেষ গত সেপ্টেম্বরে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) প্রথম আসরে খেলেছেন বোল্ট। চ্যাম্পিয়ন এডিনবরা ক্যাসল রকার্সের হয়ে ১৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি। গ্লাসগো কসমিকের বিপক্ষে ২৪ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিংয়ের কীর্তিও গড়েন।

এদিকে, গত জুনে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিন্টফকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় সিডনি থান্ডার। তিনি ট্রেভর বেইলিসের স্থলাভিষিক্ত হন।

আগামী ১৬ ডিসেম্বর ক্যানবেরায় অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬-২৭ বিগ ব্যাশে নিজেদের অভিযান শুরু করবে সিডনি থান্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights