বিডা-বেজা-পিপিপিএ একীভূত, নতুন দায়িত্বে আশিক মাহমুদ

অনলাইন ডেস্ক
বিনিয়োগসংক্রান্ত সরকারি কার্যক্রমে সমন্বয় আনতে তিনটি গুরুত্বপূর্ণ সংস্থাকে এক ছাতার নিচে আনা হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে গঠন করা হয়েছে নতুন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’।

এই সংক্রান্ত প্রজ্ঞাপন গত বৃহস্পতিবার জারি করেছে সরকার। ফলে এখন থেকে বিনিয়োগ-সংক্রান্ত কার্যক্রম নতুন এই কর্তৃপক্ষের অধীনেই পরিচালিত হবে। নতুন সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। শুক্রবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৩-এর ধারা ৮-এর (৫) অনুযায়ী চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তার এই নিয়োগের মেয়াদ হবে এক বছর। এসময় তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে থাকা কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের নিয়োগ চুক্তিভিত্তিক। নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত ও বিষয় চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। এছাড়াও চুক্তিতে আরও দুইজন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। একজন হলেন সচিব পদমর্যাদার এয়ারভাইস মার্শাল (অব.) মোহম্মদ শাহারুল হুদা এবং অপরজন হলেন অতিরিক্ত সচিব পদমর্যাদার নাহিয়ান রহমান রচি।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights