বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দরজা খুললো মিরাজের

অনলাইন ডেস্ক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। এতে বাংলাদেশি অলরাউন্ডার মিরাজের জন্য খুলে গেল বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দরজা।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

২২ থেকে ২৫ মে পর্যন্ত সময়ের জন্য মিরাজকে এনওসি দিয়েছে বোর্ড, অর্থাৎ পিএসএলের প্লে-অফ পর্বে অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন এই ডানহাতি অলরাউন্ডার।

জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার পরিবর্তে লাহোর কালান্দার্স দলে জায়গা পেয়েছেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে খুব শীঘ্রই পিএসএল ছেড়ে যাবেন রাজা।

চার দিনের জন্য ছাড়পত্র দেওয়া হলেও তা-ই যথেষ্ট বলে মনে করা হচ্ছে লাহোর কালান্দার্সের জন্য। কারণ তাদের এলিমিনেটর ম্যাচ ২২ মে, জয় পেলে দ্বিতীয় কোয়ালিফায়ার ২৩ মে, আর ফাইনাল ২৫ মে। ফলে প্লে-অফের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচেই মিরাজকে পাচ্ছে দলটি।

এর আগে চলতি আসরে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নেমেছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে বর্তমানে তিনি জাতীয় দলের সঙ্গে থাকায় আর পিএসএলে অংশ নিচ্ছেন না। এখন দলে আছেন আরেক বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

গতকাল রাতে পেশোয়ার জালমিকে ২৬ রানে হারানো লাহোর কালান্দার্স প্লে-অফে খেলা নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights