বিদেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দেশের শ্রমবাজারে কর্মসংস্থানের ঘাটতি মোকাবিলায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের বিদেশ গমনের বিষয়েও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, আগামী পাঁচ বছরে এক কোটি কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য দেশের বাইরে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে।

সোমবার দুপুরে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

নুরুল হক নুর বলেন, বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সরকারের পক্ষ থেকে ঋণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাধারণ প্রবাসীদের জন্যও তিন লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে পূরণের চেষ্টা করছে সরকার।

তিনি বলেন, দেশের শ্রমবাজারে কর্মসংস্থানের ঘাটতি রয়েছে। এ ঘাটতি পূরণে সরকার দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করছে। প্রতি বছর ৮ থেকে ১০ লাখ মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে যাচ্ছেন। পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়ানো হবে।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে যাতে তরুণ ও শিক্ষার্থীরা সহজে আর্থিক সহায়তা পেতে পারেন, সে বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। এর মাধ্যমে একদিকে দেশের বেকারত্ব কমবে, অন্যদিকে বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights