বিপাকে নেতানিয়াহুর স্ত্রী

অনলাইন ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার গোলানের বিরুদ্ধে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলা সম্পর্কে পূর্ব অবগত থাকার ইঙ্গিত দিয়েছেন। এই বক্তব্যের পর তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র ছড়ানোর অভিযোগ এনে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ইয়াইর গোলান। একই সঙ্গে এই ঘটনার পর সারা নেতানিয়াহুকে হামাসের হামলায় বেঁচে যাওয়াদের সহায়তা তহবিলে মোটা অঙ্কের অর্থ অনুদান হিসেবে দেওয়ার শর্ত দিয়েছেন এই বিরোধী নেতা।

ইসরায়েলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে সারা নেতানিয়াহু প্রশ্ন তোলেন, কীভাবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ডেপুটি চিফ অব স্টাফ ইয়াইর গোলান হামাসের আক্রমণের দিন সকাল সকালই দক্ষিণাঞ্চলে পৌঁছে গিয়েছিলেন, যা স্বয়ং প্রধানমন্ত্রীও অত দ্রুত জানতে পারেননি। তিনি অভিযোগ করেন, যখন অন্য কেউ কিছু বুঝে উঠতে পারছিল না, তখন গোলানের এমন প্রস্তুতি রাজনৈতিক ও সামরিক দিক থেকে সন্দেহজনক।

সারা নেতানিয়াহুর এমন বক্তব্যকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করে বামপন্থী ‘দ্য ডেমোক্র্যাটস’ দলের নেতা ইয়ার গোলান জানান, তিনি ইতিহাস বিকৃত করার অপচেষ্টা করছেন। মূলত হামলার দিন সকালেই তিনি দ্রুত গাড়ি চালিয়ে ঘটনাস্থলে গিয়ে হামলা থেকে বেঁচে পালিয়ে আসা বহু মানুষকে উদ্ধার করেছিলেন, যা সেই সময় আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রশংসিত হয়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাওয়া হলে তিনি আদালতের দ্বারস্থ হবেন।

৭ অক্টোবরের হামলা রোধে ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক গোয়েন্দা ব্যর্থতা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও তদন্ত চলছে। এই হামলায় প্রায় ১২০০ মানুষ প্রাণ হারান, যার মধ্যে একটি বড় অংশ ছিল নোভা মিউজিক ফেস্টিভ্যালের দর্শনার্থী।

সূত্র: আরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights