বিমানবন্দর কর্মীর কাছ থেকে ১ কোটি ২২ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার

অনলাইন ডেস্ক

যাত্রীদের সাহায্য করার আড়ালে স্বর্ণের চোরাচালানের সময় মিট অ্যান্ড গ্রিট সেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান শুভেচ্ছার এক কর্মীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শুক্রবার সকালে তাকে ১১ পিস স্বর্ণের বারসহ হাতেনাতে আটক করা হয়।

আটক কর্মীর নাম মো. রাজু। লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মজিবুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলার প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। তিনি জানান, পাওয়ার ব্যাংকে লুকিয়ে স্বর্ণের বার পাচারের চেষ্টা করছিলেন শুভেচ্ছার কর্মী মো. রাজু।
জব্দ করা ১১টি স্বর্ণের বারের মোট ওজন ১২শ ৭৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২২ লাখ টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, শুভেচ্ছার সিনিয়র কাস্টমার রিপ্রেজেনটেটিভ মো. রাজুর অযাচিত মুভমেন্ট এবং প্রশ্নবিদ্ধ আচরণে সন্দেহ হয় বিমানবন্দর আমর্ড পুলিশের গোয়েন্দা দলের। রাজুকে ১ নম্বর লাগেজ বেল্টের কাছে টয়লেটে প্রবেশ করতে দেখা যায়। একইসঙ্গে সেখানে যাত্রীদের সঙ্গে কোনো কিছু বিনিময় করেন বলেও সন্দেহ করা হয়। পরে অ্যারাইভাল কনকোর্স হলের প্রক্ষালন কক্ষের সামনে থেকে তাকে আটক করা হয়। তখন তাকে আর্মড পুলিশের অফিসে এনে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তল্লাশি শেষে কালো রঙের পাওয়ার ব্যাংকের ভেতরে ১০টি এবং রাজুর পকেটে একটি স্বর্ণের বার পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে রাজু জানান, দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণের বার নিয়েছেন তিনি। এর বিনিময়ে তাকে খুশি করে দেওয়া হবে বলে জানায় পাচারকারীরা। মোবাইলে স্বর্ণ পাচারকারী চক্রের সদস্যরা প্রথমে রাজুর সঙ্গে যোগাযোগ করেন। কাজ শেষে তাকে পাওনা বুঝিয়ে খুশি করে দেওয়া হবে বলে কথা দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights