বিমানে বিশৃঙ্খলা ও গালিগালাজ করায় যাত্রীকে টেপ দিয়ে বেঁধে রাখলেন সহযাত্রীরা

অনলাইন ডেস্ক
টেক্সাস থেকে নিউ জার্সিগামী আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে বিশৃঙ্খলা সৃষ্টি ও সহযাত্রীদের সঙ্গে সহিংস আচরণের অভিযোগে ৬৭ বছর বয়সী এক যাত্রীকে ডাক্ট টেপ ও প্লাস্টিকের জিপ-টাই দিয়ে সিটে বেঁধে রাখেন অন্য যাত্রীরা। পরে বিমানটি যুক্তরাষ্ট্রের বাল্টিমোর/ওয়াশিংটন আন্তর্জাতিক থারগুড মার্শাল বিমানবন্দরে অবতরণ করলে পুলিশ ওই যাত্রীকে আটক করে।

মেরিল্যান্ড ট্রান্সপোর্টেশন অথরিটি পুলিশের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, অভিযুক্ত যাত্রীর নাম আর্থার লানডিন। বৃহস্পতিবার রাতে ডালাস থেকে নেওয়ার্কগামী আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে এ ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ ও বিমান সংস্থার তথ্য অনুযায়ী, উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর লানডিন হঠাৎ অশ্লীল ভাষায় চিৎকার করতে শুরু করেন এবং একপর্যায়ে সহিংস হয়ে ওঠেন। তিনি পাশের এক যাত্রীর ওপর হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্য যাত্রীরা এগিয়ে আসেন।

একপর্যায়ে সাবেক পুলিশ কর্মকর্তা জুয়ান মেহিয়াসহ দুই যাত্রী লানডিনকে নিয়ন্ত্রণে নেন। তাঁরা প্লাস্টিকের জিপ-টাই দিয়ে তাঁর হাত বেঁধে দেন এবং ডাক্ট টেপ ব্যবহার করে তাঁকে সিটের সঙ্গে আটকে রাখেন। পরে কর্তৃপক্ষ বিমানে উঠে তাঁকে হেফাজতে নেয়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে মেহিয়া বলেন, মুহূর্তের মধ্যেই বিমানের শান্ত পরিবেশ হট্টগোলে পরিণত হয়। তিনি পেছনে তাকিয়ে এক যাত্রীকে অন্য একজনের গলা চেপে ধরে থাকতে দেখেন। তাঁকে থামানোর পরও ওই ব্যক্তি নারী ও অন্য সহযাত্রীদের উদ্দেশে অপমানজনক ভাষায় গালিগালাজ করতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ডালাস থেকে নেওয়ার্কগামী ফ্লাইটটি বাল্টিমোর/ওয়াশিংটন আন্তর্জাতিক থারগুড মার্শাল বিমানবন্দরে ঘুরিয়ে নেওয়া হয়। সেখানে পুলিশ বিমানে উঠে লানডিনকে হেফাজতে নেয়।

আমেরিকান এয়ারলাইনস এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিমানে যেকোনো ধরনের সহিংস আচরণের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহসিকতা ও পেশাদারিত্ব দেখানোর জন্য কর্মী ও সহযাত্রীদের ধন্যবাদ জানিয়েছে বিমান সংস্থাটি।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights