বিরামপুরে ৭ দিন ধরে পানির নিচে হাজার বিঘা জমির ধান
দিনাজপুর প্রতিনিধি
ভারতীয় অংশে সুইচগেট বন্ধ থাকায় দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তঘেঁষা কয়েকটি ফসলের মাঠের হাজারো বিঘা জমির ধানের চারা সাতদিন ধরে পানির নিচে তলিয়ে আছে। ধানের চারাগুলো ডুবে থাকায় অনেকটা ক্ষতির মুখে এলাকার কৃষকরা।
এরই মধ্যে সুইচগেট খুলতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) চিঠি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভাইগড় ক্যাম্প। ভাইগড় ক্যাম্প কমান্ডার জানায়, সুইচগেট খোলা রেখেছেন তারা। আর বৃষ্টি না হলে দ্রুত সমস্যাটির সমাধান হয়ে যাবে।
জানা যায়, কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বিরামপুর উপজেলার হাবিবপুর, হাকিমপুর, শৈলান এবং পলীখিয়ার মামুদপুর মাঠের কয়েক হাজার বিঘা জমির ধানের চারা পানির নিচে তলিয়ে যায়। এ পানি পলীখিয়ার মামুদপুর মাঠ দিয়ে ভারতীয় অংশে প্রবেশ করে। কিন্তু বৃষ্টি শুরুর পর ভারতীয় সিরামপুর এলাকায় সুইচগেট বন্ধ করে দেওয়ায় মাঠের পানি নামতে পারেনি। শনিবার দুপুরে দেখা যায় মাঠগুলো পানিতে তলিয়ে আছে। ধানের চারা দেখা যাচ্ছে না। বিলগুলো দেখতে অনেকটা নদীর মতো মনে হচ্ছে।
বিষয়টি নিয়ে বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত কয়েকদিনের টানা বর্ষণে এই এলাকার চারটি মাঠের কিছু কৃষকের জমির ধানের চারা পানির নিচে তলিয়ে আছে। বরাবরই পানিগুলো ভারতে চলে যায়। তবে মাঠ পর্যায়ে তদন্ত করে উপজেলা প্রশাসনকে জানিয়েছি।
বিষয়টি এরইমধ্যে ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে উল্লেখ করে বিজিবির ভাইগড় কোম্পানি কমান্ডার সুবেদার অমরেষ কুমার বালা বলেন, আমরা চিঠি দেয়ার পাশাপাশি এ বিষয়ে অনুরোধ করেছি। তারা জানিয়েছে সুইচগেট খোলা আছে তবে পানি বেশী হওয়ায় পানি যাওয়ার পরিমান কম।এ ছাড়াও ভারতীয় অংশের এক গ্রামেও জলাবদ্ধতা রয়েছে। যেহেতু এদিকে টানা বৃষ্টির পরিমান খুব বেশী হয়েছে তাই পানি নামতে সময় লাগছে। তবে আর বৃষ্টি না হলে ২/১দিনেই এই সমস্যার সমাধান হবে আশা করছি।
