বিশেষ সম্মাননা পেলেন তৃতীয় লিঙ্গের চৈতি

গাজীপুর প্রতিনিধি

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত এমএসএস ইন সোশিওলজি প্রোগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী তানিশা ইয়াসমিন চৈতি সফলভাবে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী ৪.০০-এর মধ্যে ৩.৩০ সিজিপিএ অর্জন করে তাঁর মেধা ও অধ্যবসায়ের স্বাক্ষর রেখেছেন। বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেকুজ্জামান খান গতকাল এ তথ্য জানান।

২৮ অক্টোবর বাউবির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে এ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ চৈতিকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউবি প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরে থাকা এবং শিক্ষাসুযোগ থেকে বঞ্চিত জনগোষ্ঠীর জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছে। বয়স, পেশা, ভৌগোলিক অবস্থান কিংবা সামাজিক পরিচয় যেন শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়-এ লক্ষ্য সামনে রেখে বিশ্ববিদ্যালয়টি অন্তর্ভুক্তিমূলক ও জীবনব্যাপী শিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তানিশা ইয়াসমিন চৈতির এ অর্জন বিশ্ববিদ্যালয়ের সেই অঙ্গীকারেরই একটি তাৎপর্যপূর্ণ প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights