বিশ্বকাপের আগেই দলে ফিরছেন মাহমুদুল্লাহ; ইঙ্গিত পাপনের

অনলাইন ডেস্ক

সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর আর মাঠে নামা হয়নি টাইগার এই অলরাউন্ডারের। এমনকি জায়গা পাননি এশিয়া কাপের স্কোয়াডেও। পরবর্তীতে অবশ্য এই প্রতিযোগিতার বিশেষ ক্যাম্পে রাখা হয় তাকে। তবে ডাক পাননি এখনও।

এশিয়া কাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে টাইগারদের। এরপর আসছে বিশ্বকাপ। সেক্ষেত্রে যদি কেউ ইনজুরিতে পড়ে তবে দলে জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল রিয়াদের। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার বিকেলে ধানমণ্ডিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সেখানে বিশ্বকাপের ভাবনায় রিয়াদ আছেন কিনা? এই প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘আমি তো মনে করি আছে। না থাকার কারণ দেখি না। ১৫ জন পাঠালেও যে পরিমাণ ইনজুরির সমস্যা আছে। আমাদের খেলোয়াড়রা ইনজুরি প্রবণ বেশি। ’
‘কাল যেমন দেখেন শান্ত ব্যাথা পেল। কাল মিরাজ ব্যথা পেয়েছে। এর আগের ম্যাচে মুস্তাফিজ ভুগেছে। এইগুলার কন্টিনিউয়াস রিপ্লেসমেন্ট লাগবে। আপনারা যদি মনে করেন ১১ জন খেলে আসবে তা ভুল, কন্টিনিউয়াস রিপ্লেসমেন্ট লাগবে। স্ট্যান্ডবাই যারা আছে তাদের ছোট করার দরকার নাই।’

অবশ্য বিশ্বকাপের আগেও রিয়াদের সুযোগ দেখছেন বিসিবি সভাপতি। নিউজিল্যান্ড সিরিজে রিয়াদ ও মোসাদ্দেক ভাবনায় থাকবেন কিনা? এই প্রশ্নের জবাবে পাপনের ভাষ্য, ‘ওদের সুযোগ থাকবে খেলার, আমার মনে হয়। এশিয়া কাপের দল বিশ্বকাপের দল হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আমরা এতগুলো পরিবর্তিত পরিস্থিতিতে পড়েছি সেজন্য সেটা হবে না। এবাদত যদি ফিট থাকে তাহলে সে থাকত। এখন তো সে নাই। আর তামিম-লিটন ফিট থাকলে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights