বিশ্বকাপের আগেই ফরাসি শিবিরে উত্তেজনা: এমবাপ্পে-চেরকিদের ক্ষোভের মুখে ফেডারেশন

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের মহোৎসব শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি, ঠিক তখনই ফরাসি জাতীয় ফুটবল দলের অন্দরে তৈরি হয়েছে চরম উত্তেজনা। মাঠের লড়াইয়ে নামার আগেই মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়িয়ে পড়েছে ফরাসি শিবির। আর এই ঝামেলার কেন্দ্রবিন্দুতে আছেন দলের দুই তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে এবং রায়ান চেরকি। ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) একটি হুট করে নেওয়া সিদ্ধান্তে মারাত্মক অসন্তোষ প্রকাশ করেছেন তারা।

ফরাসি ক্রীড়া সাময়িকী লেকিপ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, খেলোয়াড়দের ইমেজ রাইটস (ছবির বাণিজ্যিক ব্যবহার স্বত্ব) নিয়ে ফেডারেশনের একতরফা সিদ্ধান্তের কারণেই এই বিপত্তির সৃষ্টি। অভিযোগ উঠেছে, ফুটবল ফেডারেশন তাদের অফিশিয়াল স্পন্সর এবং ক্রীড়া বাজি ধরার জনপ্রিয় প্রতিষ্ঠান ‘বেটক্লিক’-এর একটি প্রচারণামূলক বিজ্ঞাপনে এমবাপ্পে এবং চেরকির ছবি ব্যবহারের অনুমতি দিয়েছে। নিজেদের অজান্তে এমন একটি বেটিং কোম্পানির বিজ্ঞাপনে নিজেদের ছবি দেখে ক্ষোভে ফেটে পড়েছেন এই দুই তারকা। তাদের স্পষ্ট দাবি, একটি বাজি ধরা প্রতিষ্ঠানের প্রচারণায় তাদের ছবি ব্যবহারের মাধ্যমে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে।

প্রতিবেদনে আরও জানা যায়, এই বিজ্ঞাপনী প্রচারণায় কেবল এমবাপ্পে বা চেরকি একাই নন, ফরাসি দলের আরও তিন তারকা দেসিরে দুয়ে, মাইকেল অলিসে এবং উসমান দেম্বেলেও হাজির হয়েছেন। জানা গেছে, ফ্রান্সের ঐতিহ্যবাহী প্রশিক্ষণ ক্যাম্প ক্লেয়ারফন্টেইনে একটি ফটোশুটের সময় এই ছবিগুলো তোলা হয়েছিল। তবে ছবিগুলো যে পরবর্তীতে কোনো বেটিং এজেন্সির প্রচারণায় ব্যবহার করা হবে, সে বিষয়ে খেলোয়াড়দের বিন্দুমাত্র ধারণা দেওয়া হয়নি।

তবে ফরাসি শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়দের এই ক্ষোভ বাজি ধরার প্রতিষ্ঠানের ওপর নয় বরং সরাসরি ফুটবল ফেডারেশনের ওপর। তাদের অভিযোগ, ফেডারেশন তাদের যথাযথভাবে তথ্য না দিয়ে অন্ধকারে রেখে এই কাজ করেছে। এমবাপ্পে এবং চেরকি ইতিমধ্যেই ফেডারেশনের কাছে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে এর ব্যাখ্যা ও বিজ্ঞাপনটি প্রত্যাহারের দাবি তুলেছেন। যদিও আসন্ন বিশ্বকাপের কথা চিন্তা করে এই সমস্যার চূড়ান্ত সমাধান হয়তো টুর্নামেন্ট শেষ হওয়ার আগে সম্ভব হবে না।

আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ ‘আই’-এর লড়াই শুরু করবে ফ্রান্স। এরপর গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচে তারা মুখোমুখি হবে ইরাক এবং নরওয়ের।

সূত্র: গোল ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights