বিশ্বকাপ জিততে ‘বিশেষ’ পরিকল্পনা ভারতের!

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে সবার শেষে মাঠে নামছে আয়োজক ভারত এবং পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। চেন্নাইয়ের ২২ গজে নামার আগে আত্মবিশ্বাসী ভারতীয় দল। বিশ্বকাপ জেতা ছাড়া অন্য কিছু ভাবতে চাইছেন না রোহিত শর্মারা। লক্ষ্যে পৌঁছনোর জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে ভারতীয় শিবিরের।

বিশ্বকাপে মাঠে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। ভারতীয় দলের সহ-অধিনায়ক জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কিছু ভাবছেন না তারা। প্রতিযোগিতার সব প্রতিপক্ষকেই গুরুত্ব দিচ্ছে ভারতীয় শিবির। তবে কাউকে বাড়তি সমীহ করতে নারাজ হার্দিকেরা। তিনি বলেছেন, ‘‘আমাদের নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে। দলের সবাই খুব উত্তেজিত। জানি আমরা সমর্থকদের প্রচুর ভালবাসা, সমর্থন পাব। সমর্থকদের উৎসাহ আমাদের সেরাটা বের করে আনবে। আমাদের দলে বিশ্বমানের ব্যাটার এবং বোলার রয়েছে। আমাদের এক সঙ্গে নির্ভিকভাবে পারফরম্যান্স করতে হবে। নির্ভয়ে খেলতে হবে সবাইকে। চাপ এবং প্রত্যাশা ইতিবাচক ভাবে দেখতে হবে। যে ভাবে খেলছি, ঠিক সেটাই চালিয়ে যেতে হবে আমাদের।’’

প্রতিযোগিতার প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলা করা নিয়ে চিন্তিত নন হার্দিক। আত্মবিশ্বাসী অলরাউন্ডার বলেছেন, ‘‘গত কয়েক বছরে আমরা অনেক সময়ই ক্রমতালিকায় এক নম্বরে বা তার খুব কাছে ছিলাম। তার মানে আমাদের পারফরম্যান্স ভাল। বিশ্বকাপে সেই ভাল পারফরম্যান্সটাই তুলে ধরতে চাই। সাহসী ক্রিকেট খেলব আমরা। এ বছর ট্রফি জেতার শক্তি এবং আত্মবিশ্বাস রয়েছে আমাদের।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights