বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়ে যা বললেন পেসার শরিফুল

অনলাইন ডেস্ক
বিশ্বকাপে খেলা নতুন কিছু নয় শরিফুল ইসলামের জন্য। ক্যারিয়ারে এরই মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তিনটি বৈশ্বিক টুর্নামেন্ট খেলে ফেলেছেন বাঁহাতি পেসার। তবু প্রতিটি বিশ্বকাপেরই আলাদা অনুভূতি তরুণ বাঁহাতি পেসারের জন্য। গতকাল রবিবার ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের ঘোষিত সেই দলে জায়গা পেয়েছেন ২৪ বছর বয়সী এই পেসার।

আগামী মাসে হতে যাওয়া টুর্নামেন্টের দলে থেকে তাই আনন্দিত শরিফুল। বিপিএলের অফিসিয়াল পেজে দেওয়া সাক্ষাৎকারে সেই কথাই বলেছেন এই পেসার।

তিনি বলেন, “আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে। বিশেষ করে প্রতিটা খেলোয়াড়ই যারা প্রফেশনাল, যেকোনো খেলায়, তারা সবাই চায় বিশ্বকাপ খেলতে। সেক্ষেত্রে স্কোয়াডে জায়গা পেয়েছি। আলহামদুলিল্লাহ! আল্লাহর কাছে লাখো শুকরিয়া।”

বিশ্বকাপের আগে বিপিএলে টি-টোয়েন্টি ফরম্যাটেই খেলায় যথাযথ প্রস্তুতি হয়ে যাচ্ছে মনে করেন তরুণ এই পেসার। শরিফুল বলেন, “অবশ্যই যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ আর আমরা এখানে টি-টোয়েন্টি ম্যাচ খেলছি। তো আমি মনে করি, এটা প্রস্তুতির জন্য খুব ভালো।”

তিনি বলেন, “এখানে ফিট থেকে নিজেকে ফিট রেখে যত ম্যাচ খেলতে পারব, ভালো ছন্দে আসতে পারব ইনশাআল্লাহ। আশা করি ভালো করতে পারব।”

এসময় বিপিএল ও বিশ্বকাপে নিজের লক্ষ্যের কথা বলেন শরিফুল। তিনি বলেন, “আসলে এটা পুরোপুরি আমি চেষ্টা করব যে আমি যাতে সুস্থ থাকে দলের প্রয়োজন, দল যেটা ডিমান্ড করে সেটা এপ্লাই করা। সো আমি জানি না কত থাকব না থাকব। আমি চেষ্টা করব যাতে ফিট থেকে বিশ্বকাপটা শেষ করতে পারি।”

নতুন বলের পাশাপাশি ডেথ ওভারেও নিয়মিত বোলিং করে থাকেন শরিফুল। শেষ দিকে বোলিং করার সময় পরিকল্পনা কী থাকে জানালেন তিনি।

“ডেথ ওভারে সবসময় বোলাররা বা ক্যাপ্টেন থাকে যে সবারই কথা একটা থাকে, দুই-একটা বাউন্ডারি হতে পারে। যেহেতু ব্যাটসম্যানও খেলতে আসছে। তো কিভাবে আমরা কামব্যাক করতে পারব? আমাদের সেরা বলটা কিভাবে আমরা ডেলিভার করতে পারব সেটা নিয়ে চিন্তা করি।”

শেষ দিকে বিশ্বকাপের জন্য সবার কাছে দোয়া চান শরিফুল।

তিনি বলেন, “সবাই দোয়া করবেন আমরা যাতে বিশ্বকাপে ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ। আমিও যাতে ভালো কিছু করতে পারি। সবার কাছে ভালোবাসাটা চাওয়া।”

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে রীতিমতো উড়ছে চট্টগ্রাম রয়্যালস। প্রথম চার ম্যাচের তিনটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। দলটির এই পথচলায় বড় অবদান শরিফুল ইসলামের। চট্টগ্রামের জার্সিতে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন শরিফুল। যা তার দলের পক্ষে সর্বোচ্চ। ওভারপ্রতি তিনি খরচ করেছেন মাত্র ৫.৯২ রান। প্রতি উইকেটের জন্য খরচ মাত্র ১৩ রান।

বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights