বিশ্বনাথে ধর্ষণ মামলায় কারাগারে প্রেমিক

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিককে কারাগারে পাঠানো হয়েছে। তার নাম রবিউল হক রায়হান (১৯)। তিনি বিশ্বনাথ পৌরসভার বিদায় সুলপানি গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

শনিবার দুপুর ২টায় সিলেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগের দিন শুক্রবার রাত ৯টায় ভিকটিমসহ তাকে সিলেট শহরের কাজিটুলা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় রাতেই থানায় ধর্ষণ মামলা দেন ভিকটিমের মা।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বনাথ সদর ইউনিয়নের ইলিমপুর গ্রামে ভিকটিমের বাড়ির পাশেই একটি বাড়িতে গৃহপরিচারক হিসেবে কাজ করতেন অভিযুক্ত রবিউল হক রায়হান। এর সুবাদে ভিকটিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। একপর্যায়ে গত ১৮ মে সন্ধ্যা ৭টার দিকে প্রেমিকাকে নিয়ে কোনো এক জায়গায় যান।

ঘটনার ১২ দিন পর গত ৩০ মে রাত ৯টার দিকে দিকে সিলেট শহরের কাজিটুলা এলাকা থেকে প্রেমিকাসহ তাকে গ্রেফতার করে পুলিশ। পরে প্রেমিকাকে মেডিকেল পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ও প্রেমিককে রাখা হয় থানা হাজতে।

বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ধর্ষণ মামলায় অভিযুক্ত রায়হানকে সিলেট আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights