ব্রাহ্মণবাড়িয়ায় লুটপাটের ঘটনায় গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামে ঘর-বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদেরকে গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গ্রামের মৃত আবদুল হাসিমের ছেলে আবদুল জলিল (৪৬) ও মৃত আবদুল বারেকের ছেলে আবু সায়ীদ (৬৭)।
সদর মডেল থানার পুলিশ জানায়, শুক্রবার বিকেলে তাদেরকে গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে তাদেরকে গ্রেপ্তারের পর ওই মামলার বাদী খায়ের মিয়ার বাড়িতে ভাংচুর করা হয়। বাদীকে মারধোর করারও হুমকি দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এর আগে গত দুই মাস ধরে নাটাই গ্রামের ছলিম বাড়ির গোষ্ঠী ও চান্দের বাড়ির গোষ্ঠীর লোকদের মধ্যে বিরোধ চলছে। সর্বশেষ গত ১৪ই মে চান্দের বাড়ির গোষ্ঠী ও ছলিমের বাড়ির গোষ্ঠীর লোকদেও মধ্যে সংঘর্ষে মিয়াজুল হোসেন নামে ১ জনের মৃত্যু হয়। এ ঘটনার পর ছলিমের গোষ্ঠীর অর্ধশতাধিক ঘরে হামলা চালিয়ে ভাঙ্গচুর, লুটপাটের পর আগুন দেয়া হয়। এসব ঘটনায় দু’পক্ষ থেকে মোট ৪ টি মামলা দেয়া হয়। এরমধ্যে ১ টি হত্যা মামলা।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, এর আগে হত্যা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘর-বাড়িতে অগ্নিসংযোগ,লুটপাটের ঘটনায় দায়ের হওয়া মামলার মধ্যে ১টি মামলার এজাহারনামীয় ২ আসামীকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে শনিবার আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights