বিশ্বসেরা হওয়ার পথে রিবাকিনা

ক্রীড়া ডেস্ক

টেনিসের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১ নম্বর হওয়ার দৌড়ে দারুণ শুরু করেছেন এলেনা রিবাকিনা। গোড়ালির চোট কাটিয়ে কোর্টে ফিরেই ইউএস ওপেনের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছেন কাজাখস্তানের এ তারকা। তবে বিশ্বসেরা হওয়ার সম্ভাবনা নিয়ে এখনই বেশি ভাবতে চান না তিনি। রিবাকিনা বলছেন, তিনি প্রতিদিনই উন্নতি করতে চান। নিউইয়র্কের ফ্লাশিং মিডোজে প্রথম রাউন্ডে ১৭ বছর বয়সি থিয়া ফ্রোডিনকে ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন বিশ্বের ২ নম্বর রিবাকিনা।

গত মাসে সিনসিনাটি মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে ইগা সোয়াটেকের বিপক্ষে ম্যাচে গোড়ালিতে আঘাত পাওয়ায় নাম প্রত্যাহার করেছিলেন রিবাকিনা। ইউএস ওপেনের আগে পুরো এক সপ্তাহও টেনিস খেলতে পারেননি তিনি। তবে প্রথম ম্যাচে তাঁর শরীরে চোটের কোনো প্রভাব দেখা যায়নি। ৫৮৫ নম্বরে থাকা ফ্রোডিনের বিপক্ষে সার্ভ এবং বেসলাইন থেকে আধিপত্য বিস্তার করে জয় তুলে নেন ২৭ বছর বয়সি এই তারকা।

বর্তমানে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আরিনা সাবালেঙ্কার চেয়ে মাত্র ৪৩৪ পয়েন্ট পিছিয়ে আছেন রিবাকিনা। নিউইয়র্কে সেমিফাইনালে উঠতে পারলেই ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বের ১ নম্বর খেলোয়াড় হবেন তিনি। এমনকি সাবালেঙ্কা শিরোপা ধরে রাখলেও এই সুযোগ থাকবে তাঁর সামনে।

বিশ্বসেরা হওয়ার সম্ভাবনা তাঁকে অনুপ্রাণিত করছে জানিয়ে রিবাকিনা বলেন, ‘অবশ্যই আমি অনুপ্রাণিত। আগে আমার সুযোগ ছিল, কিন্তু তা আমার পক্ষে যায়নি। বিশ্বের ১ নম্বর হওয়া দারুণ অর্জন হবে। কিন্তু এখনো অনেক পথ বাকি। আমাকে আগামীকালের বিশ্রাম, নিজের রিকভারি এবং ধাপে ধাপে এগিয়ে যাওয়ার দিকেই মনোযোগ দিতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights