মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে?
ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর নতুন এক যুগে প্রবেশ করছে আর্জেন্টিনা। শুধু অধিনায়কের আর্মব্যান্ডই নয়, আলোচনায় আছে মেসির ১০ নম্বর জার্সিও। কে মেসির স্থানে এসে নেতৃত্ব দেবেন আর্জেন্টিনাকে। ১০ নম্বর জার্সির উত্তরাধিকারীই বা কে হবেন?
আর্জেন্টিনার অধিনায়ক হওয়ার দৌড়ে এখন সবচেয়ে এগিয়ে ক্রিস্টিয়ান রোমেরো। ২৮ বছর বয়সি এই সেন্টারব্যাক মাঠে নেতৃত্ব, সতীর্থদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং শক্তিশালী ব্যক্তিত্বের কারণে আগে থেকেই দলে বেশ জনপ্রিয়। তিনিই এখন সবচেয়ে বড় দাবিদার। ক্লাব পর্যায়েও অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে নিয়মিত কার্ড দেখার প্রবণতা তাঁর ক্ষেত্রে একটি দুর্বলতা হতে পারে।
বিকল্প হিসেবে আছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ও মিডফিল্ডার রদ্রিগো ডি পল। মার্টিনেজ দলের বড় ম্যাচের নায়ক এবং ড্রেসিংরুমে তাঁর প্রভাবও রয়েছে। তবে গোলরক্ষক হওয়ায় মাঠে সতীর্থ ও রেফারির সঙ্গে সরাসরি যোগাযোগে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। অন্যদিকে মেসির দীর্ঘদিনের সতীর্থ ডি পল নেতৃত্বের গুণাবলি দেখালেও সাম্প্রতিক পারফরম্যান্স ও একাদশে জায়গা নিয়ে প্রশ্ন আছে। চমক হিসেবে আলোচনায় লটারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজও। ইন্টারের অধিনায়ক লটারোর নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। এনজো মাত্র ২৫ বছর বয়সেই চেলসিতে অধিনায়কত্বের অভিজ্ঞতা অর্জন করেছেন। দীর্ঘমেয়াদে তাঁকেও ভবিষ্যৎ নেতা হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে মেসির ১০ নম্বর জার্সির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন-আর্জেন্টিনা কি তা নতুন কাউকে দেবে? মেসির মতো কাউকে খুঁজে পাওয়া সত্যিই সম্ভব নয়। তবে দলের নতুন মুখ হিসেবে হুলিয়ান আলভারেজের নাম সামনে আসছে। মেসির পর আক্রমণভাগের অন্যতম প্রধান দায়িত্ব তাঁর কাঁধেই পড়তে পারে।
তবে ভবিষ্যতের জন্য আরও দুই নাম আলোচনায়-জিউলিয়ানো সিমিওনে ও নিকো পাজ। ২৩ বছর বয়সি সিমিওনে ২০২৬ বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আর ২১ বছর বয়সি নিকো পাজকে দেখা হচ্ছে আর্জেন্টিনার সবচেয়ে প্রতিভাবান তরুণদের একজন হিসেবে। সৃজনশীল মিডফিল্ডার হিসেবে তাঁর খেলার ধরনও মেসির শূন্যতা পূরণের চেষ্টায় গুরুত্বপূর্ণ হতে পারে।
মেসির আর্মব্যান্ড সম্ভবত রোমেরোর হাতে দেখা যাবে আপাতত। কিন্তু ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী কে হবেন, সেই সিদ্ধান্তই হয়তো আর্জেন্টিনার নতুন যুগের সবচেয়ে বড় প্রতীক হয়ে উঠবে।
