বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের ব্যস্ত সমুদ্রসৈকতের ঘটে গেল বিস্ময়কর দুর্ঘটনা। একটি ছোট এক-ইঞ্জিনের বিমান যান্ত্রিক ত্রুটির মুখে পড়লে ২৩ বছর বয়সী তরুণী পাইলট ফেইথ টেংকলি চরম বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বিমানটিকে আটলান্টিক মহাসাগরের পানিতে নিরাপদে নামিয়ে আনেন।

শনিবারের এই নাটকীয় ঘটনার পর সৈকতে থাকা সাধারণ মানুষ ও উদ্ধারকারীরা দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। এতে পাইলট সম্পূর্ণ অক্ষত রয়েছেন এবং ভূমিতে থাকা কোনো ব্যক্তিও আহত হননি।

জানা গেছে, ফেইথ টেংকলি তার পরিবারের ‘পাইপার পিএ-৩০’ বিমানটি নিয়ে ফোর্ট মায়ার্স থেকে বাহামাসের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তবে বোকা র‍্যাটনের কাছে পৌঁছালে বিমানটি হঠাৎই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। সৈকতে অসংখ্য মানুষের সমাগম থাকায় তিনি কৌশলে বিমানটিকে জনবহুল এলাকা থেকে সরিয়ে পানির দিকে নিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, রোদ পোহানোর মুহূর্তে হঠাৎ আকাশে বিমানটিকে অস্বাভাবিকভাবে নিচে নেমে আসতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ন্ত্রণ বজায় রেখে বিমানটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এই অবতরণের ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে অনলাইনে নানা গুঞ্জন তৈরি হলেও পরে স্পষ্ট করা হয় যে, ফেইথ নিজেই সাঁতরে তীরে উঠেছিলেন এবং তিনি কোনো আঘাত পাননি। ফ্লোরিডার স্থানীয় প্রশাসন ও অভিজ্ঞ পাইলটেরা ২৩ বছর বয়সী ফেইথের এই দ্রুত সিদ্ধান্ত ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights