বুলগেরিয়ার নির্বাচন গড়াল দ্বিতীয় দফায়, ভোট ১ নভেম্বর

অনলাইন ডেস্ক
প্রয়োজনীয় ভোটার উপস্থিতি না থাকায় এবং কোনো প্রার্থীই প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে। স্থানীয় সময় রবিবার (২৫ অক্টোবর) প্রথম দফা ভোটে ভোটার উপস্থিতি ছিল অনেক কম।

ভোট গ্রহণ শেষে বুথফেরত জরিপে দেখা গেছে, বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা ৩৫ থেকে ৩৬ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। সাবেক তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আন্দ্রেই গিউরভ ৩১ থেকে ৩৩ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আগামী ১ নভেম্বর দ্বিতীয় দফা ভোটে এ দুজন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ইভান দেমেরজিয়েভের বরাত দিয়ে বুলগেরিয়ার ন্যাশনাল টেলিভিশনের খবরে বলা হয়েছে, নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। ভোট কেনাবেচা ও কারচুপির মতো যেসব ঘটনা সাধারণত দেখা যায়, এবার সেগুলো ঘটেনি।

ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশ বুলগেরিয়ার এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ২৭ জন প্রার্থী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবার নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে বলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল। কারণ, প্রথম দফায় জয়ী হতে নিবন্ধিত ভোটারদের ৫০ শতাংশের বেশি ভোট দিতে হয় এবং কোনো প্রার্থীকে প্রদত্ত ভোটের ৫০ শতাংশের বেশি পেতে হয়।

মেজার নামের একটি জনমত জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার রাত ৮টা (গ্রিনিচ মান সময় ১৮:০০টা) পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল মাত্র ২২ দশমিক ২ শতাংশ।

ভোটের আগে জ্বালানির ক্রমবর্ধমান দাম, মূল্যস্ফীতি, কৃষ্ণসাগরে হামলা এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ছিল নির্বাচনের প্রধান আলোচ্য বিষয়।

বুলগেরিয়া উপকূলের অদূরে জাহাজে একের পর এক ড্রোন হামলার ঘটনা নির্বাচনী প্রচারের সময় সংবাদমাধ্যমের শিরোনামে প্রাধান্য পেয়েছে। প্রধান দুই প্রার্থীই এসব হামলার নিন্দা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights