বেড়িবাঁধের গাছ কাটায় বিএনপি নেতা জাহাঙ্গীরের পদ স্থগিত

কিশোরগঞ্জ প্রতিনিধি

নদীভাঙন রোধে রোপন করা ২০টি মেহগনি গাছ কেটে ফেলায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে রোপন করা প্রায় ২০টি মেহগনি গাছ ধাপে ধাপে কেটে ফেলেন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর।

গাড়ি নিয়ে নিজ বাড়িতে যাতায়াতের সুবিধার্থে তিনি এমন নিন্দনীয় কাজ করেছেন বলে প্রমাণ পেয়েছে দলের কেন্দ্রীয় কমিটি। বিষয়টি দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট বহির্পকাশ বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গাছ কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে জাহিদুল আলম জাহাঙ্গীর বলেন, গাছ কাটার বিষয়ে উপজেলা প্রকৌশলী বাদী হয়ে থানায় যে মামলা দায়ের করেছেন, এতে তিনি আসামি নন।

মিঠামইন উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বলেন, গাছ কাটার বিষয়ে মিঠামইন উপজেলা সদরের সরকারহাটি গ্রামের আঙ্গুর মিয়াসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ১৯৯৬ সনে সংসদ সদস্য থাকাকালে বেড়িবাঁধে গাছগুলো রোপন করেছিলেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights