বৈরী আবহাওয়ায় পেছাতে পারে ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শনিবার মায়ামিতে মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ড ও নরওয়ের। তবে ম্যাচ শুরুর আগেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। বজ্রঝড়ের পূর্বাভাস থাকায় নির্ধারিত সময়ে ম্যাচ শুরু নাও হতে পারে।

এর আগেও শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডের খেলা বৈরী আবহাওয়ার কারণে এক ঘণ্টা পিছিয়ে শুরু হয়েছিল। এবারও একই ধরনের পরিস্থিতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া পূর্বাভাস সংস্থা অ্যাকুওয়েদারের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ চ্যাড মেরিল জানিয়েছেন, ম্যাচ শুরুর আগে মায়ামি এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ‘ফ্লোরিডায় বছরের এই সময়ে সমুদ্রের দিক থেকে আসা বাতাসের প্রভাবে বিকেলের দিকে প্রায়ই বজ্রসহ বৃষ্টি হয়। এসব ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়াও থাকতে পারে।’

ফিফার নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে খেলা সঙ্গে সঙ্গে স্থগিত করতে হবে। শেষ বজ্রপাতের অন্তত ৩০ মিনিট পর খেলা পুনরায় শুরু করা যাবে। এরপর খেলোয়াড়দের ওয়ার্ম-আপের জন্য আরও ১৫ মিনিট সময় দেওয়া হবে।

বিশ্বকাপে শুরু থেকেই নানা বাধার মুখে পড়েছে ইংল্যান্ড। টুর্নামেন্ট শুরুর আগে দলের কিছু সরঞ্জাম চুরির ঘটনা, কয়েকজন খেলোয়াড়ের চোট এবং মেক্সিকোর বিপক্ষে আবহাওয়াজনিত বিলম্ব সব মিলিয়ে কঠিন সময় পার করছে টমাস টুখেলের দল।

এবারও যদি আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায়, তবে সেটি হবে ইংল্যান্ডের জন্য টুর্নামেন্টের আরেকটি নতুন চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights