বৈষম্যবিরোধী আন্দোলনে আহত-নিহতের মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, রংপুর
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ, সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন, গুলিবিদ্ধ শাহ আলমসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত-নিহতের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে রংপুরে মানববন্ধন সমাবেশ হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রংপুর মহানগর বৈষম্যবিরোধী- ছাত্র জনতার ব্যানারে এ মানববন্ধনে শহীদ পরিবারের সদস্যসহ আইনজীবীরা অংশ নেন।
অ্যাড. জোবাইদুল ইসলাম বুলেটের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অ্যাড. আব্দুল হাদী বেলাল, মোফাজ্জল ইসলাম বকুল, অ্যাড. একেএম হারুন-অর-রশিদ, শহীদ সাজ্জাদের মা ময়না বেগমসহ অন্যরা।
বক্তারা বলেন, আহত-নিহতের ঘটনায় মামলা হলেও পুলিশ আসামিদের গ্রেফতার করছে না। এতে করে আসামিরা পুলিশের সাথে যোগসাজশ করে মামলা তুলে নিতে বাদীকে ভয়-ভীতি দেখাচ্ছে। দ্রুত মামলার আসামিদের গ্রেফতার করা না হলে শহীদ ও আন্দোলনে আহত পরিবারসহ আইনজীবীরা আন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারি দেন।
