ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন জবি কোষাধ্যক্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী। আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

রবিবার সন্ধ্যায় পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।

রেজিস্ট্রার গিয়াস উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের পদত্যাগপত্রটি ১২টায় আমার কাছে এসেছে। আমি ইতোমধ্যে সেটা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
এর আগে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর ১১ আগস্ট শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্টসহ বিভিন্ন দপ্তর প্রধান। ওই সময় কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী নিজ পদে বহাল ছিলেন।

এ বিষয়ে সদ্য পদত্যাগ করা কোষাধ্যক্ষ অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী বলেন, ওই সময় সবাই পদত্যাগ করলে তো বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য হয়ে যেতো। এখন যেহেতু অভিভাবক আছে তাই আমি পদত্যাগ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights