সূচক বাড়লেও লেনদেন ৩০০ কোটির নিচেই
নিজস্ব প্রতিবেদক
তিন দিন দরপতনের পর সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক বেড়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে লেনদেন ৩০০ কোটি টাকার নিচেই রয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।
লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ১৮৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। দাম কমেছে ১২৮টির এবং ৮১টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৮৪ পয়েন্টে উঠে এসেছে। মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। লেনদেন হয়েছে ২৮২ কোটি ১৯ লাখ টাকা। আগের কার্যদিবসে হয় ২৭৫ কোটি ৭৬ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওয়াইম্যাক্স ইলেকট্রোডের শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ১৪ টাকার। ৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৫৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৮০ প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৪টির এবং ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৯ কোটি ৩০ লাখ টাকার। আগের কার্যদিবসে হয় ১৩৯ কোটি ২০ লাখ টাকা।
