ব্যক্তি বিশেষের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে পারেনি বাংলাদেশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

ব্যক্তি বিশেষের সিদ্ধান্তের কারণে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে পারেনি বলে মন্তব্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পাশাপাশি ভবিষ্যতে কোনো ব্যক্তির সিদ্ধান্তের কারণে যেন এমন পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার বার্তাও দেন তিনি।

রবিবার সচিবালয়ে ক্রীড়া কার্ডপ্রাপ্তদের সুযোগ-সুবিধা দেওয়ার লক্ষ্যে আয়োজিত বৈঠকের আগে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

এশিয়ান গেমসে বাংলাদেশ ফুটবল ও অন্যান্য খেলায় ভালো করতে পারেনি উল্লেখ করে আমিনুল হক বলেন, এবারের পারফরম্যান্স হতাশাজনক ছিল। এ বিষয়ে মূল্যায়নের জন্য কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, শুধু কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়াই এখন বাংলাদেশের লক্ষ্য নয়। পদকের জন্য লড়াই করতে চায় বাংলাদেশ। যেসব ইভেন্টে পদক জয়ের সম্ভাবনা বেশি, সেগুলো চিহ্নিত করে সরকার সেসব বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এশিয়ান গেমসে বাংলাদেশের এমন পারফরম্যান্স তারা আর দেখতে চান না। অলিম্পিকের মতো সর্বোচ্চ পর্যায়ের আসরে শুধু অংশগ্রহণ নয়, আগামী পাঁচ বছরে পদকের জন্য লড়াই করতে পারে- এমন ক্রীড়াবিদ তৈরির লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

ক্রীড়াবিদদের সহায়তার বিষয়ে তিনি বলেন, সরকার ৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেবে। এর মাধ্যমে ভাতার পাশাপাশি পরিবহন, বীমা, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সামাজিক সুবিধা দেওয়া হবে। বর্তমানে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ডের মাধ্যমে ভাতা দেওয়া হচ্ছে। এতে ভাতাপ্রাপ্ত ক্রীড়াবিদদের পরিবারও উপকৃত হচ্ছে। এছাড়া খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরি করতেও সরকার কাজ করছে বলে জানান আমিনুল হক।

তিনি বলেন, বর্তমানে ভাতা পাওয়া ৩০০ জনের মধ্যে ৩১ জনকে বাদ দেওয়া হয়েছে। প্রতি চার মাস পরপর ক্রীড়াবিদদের কার্যক্রম পর্যালোচনা করা হবে। যারা নিষ্ক্রিয় থাকবেন, তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে।

এদিকে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তদন্ত চলছে বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। এ তদন্তে মন্ত্রণালয় সহযোগিতা করছে বলেও উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights