ব্রাজিলে ভবনের ওপর আছড়ে পড়ল ছোট্ট বিমান, নিহত ৩
অনলাইন ডেস্ক
দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যের রাজধানী বেলো অরিজন্তে শহরে সোমবার একটি যাত্রীবাহী ছোট বিমান আবাসিক ভবনের ওপর আছড়ে পড়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত পাইলট ও কো-পাইলটসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় দমকল বাহিনী ও সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
দমকল বাহিনীর দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মাথায় বিমানটি একটি তিনতলা আবাসিক ভবনের ওপর আছড়ে পড়ে। প্রাথমিক তথ্যে বিমানে চারজন আরোহী থাকার কথা জানানো হলেও পরে জানা যায় এতে মোট পাঁচজন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই বিমানের পাইলট ও কো-পাইলট নিহত হন।
গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। বাকি দুই যাত্রী বর্তমানে আশঙ্কাজনক কিন্তু স্থিতিশীল অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি স্থানীয় সময় দুপুরে শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত পাম্পুলহা বিমানবন্দর থেকে সাও পাওলোর উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।
তবে, বিমানটি যে ভবনের ওপর আছড়ে পড়েছিল, সেই ভবনের কোনো বাসিন্দা এই ঘটনায় হতাহত হননি। ভবনের কাঠামোগত বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সূত্র: আল জাজিরা
