ব্রাজিল বধের পর কি কি করলেন হলান্ড, জানালেন তার প্রেমিকা

অনলাইন ডেস্ক
নিউ জার্সিতে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রি-কোয়ার্টার ফাইনালে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ২-১ গোলের নাটকীয় জয়ে জোড়া গোল করে নায়ক বনে গেছেন আর্লিং হলান্ড।

ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকারের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল নরওয়ে। ম্যাচ শেষে এই ঐতিহাসিক জয় উদযাপনের নানা ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে হলান্ডকে তার প্রেমিকা ইসাবেল হাউগসেং জোহানসেন এবং পরিবারের সদস্যদের সাথে আনন্দঘন মুহূর্তে দেখা গেছে।

ম্যাচ পরবর্তী সময়ে ইসাবেল তার ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, হলান্ড একটি ফোল্ডিং চেয়ারে হাত গুটিয়ে বসে আছেন। অন্য একটি ছবিতে ইসাবেলকে সোনার রঙের ভাইকিং হেলমেট পরে থাকতে দেখা যায়। ইনস্টাগ্রামের ওই পোস্টে ইসাবেল ক্যাপশন দিয়েছেন ‘গালস্ক্যাপ’, যার বাংলা অর্থ ‘পাগলামি’। নরওয়ের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ম্যাচটি জয়ের পর উচ্ছ্বাসে ভাসছেন হলান্ড নিজেও।

ম্যাচ শেষে নরওয়ে জাতীয় ফুটবল দলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক ভিডিওতে হলান্ড এই জয়কে ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে এই জয় তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে এবং ভাষা খুঁজে পাচ্ছেন না। হলান্ড বলেন, এটা নিঃসন্দেহে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়। তিনি আরও বলেন, ম্যাচের আগে তারা কোনো বাড়তি চাপ নেননি। ব্রাজিল চাপের মুখে থাকলেও নরওয়ে দল ছিল অনেকটা নির্ভার। জয় বা পরাজয় যাই হোক না কেন, এই ম্যাচটিকে তারা একটি উৎসব হিসেবেই উপভোগ করতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত জয় পাওয়ায় এই মুহূর্তটি সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি। এখন আগামী ১১ জুলাই মিয়ামিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার অপেক্ষায় রয়েছে হলান্ডের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights