ভারতীয়দের রসনা জয় যশোরের পাবদার
নিজস্ব প্রতিবেদক, যশোর
বাংলাদেশের ইলিশ মাছেই শুধু ভারতীয়দের রসনা তৃপ্তি করছে না। এখন পাবদা মাছের স্বাদেও ঝুঁকছেন তারা। গেল অর্থ বছরে যশোরে উৎপাদিত মাছের একটা বড় অংশ ভারতে রপ্তানি হয়েছে। টাকার অর্থে তার পরিমাণ ৫১০ কোটি টাকা। এ রপ্তানি হওয়া মাছের সিংহভাগই পাবদা। যশোরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের ইন্সপেক্টর মো. আস-ওয়াদুল আলম জানান, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ১৫ হাজার ৮৩৩ টন মাছ ভারতে রপ্তানি হয়েছে। যার মূল্য ৪ কোটি ৬ লাখ ৫০ হাজার ৫২৫ মার্কিন ডলার বা প্রায় ৫০০ কোটি টাকা। এর আগের অর্থবছরে রপ্তানি হয়েছিল ১৩ হাজার ৭৪২ টন মাছ। রপ্তানি হওয়া মাছের মধ্যে শুধু পাবদা রপ্তানি হয়েছে ১৫ হাজার ১০৭ টন। এ ছাড়া টেংরা ২৯১ টন, ভেটকি ৯০ টন, রুই-কাতলা ৭১ টন, বাইম ৪০ মেট্রিক টন এবং শোল, গজারসহ এ জাতীয় মাছ ১২৭ টন রপ্তানি হয়েছে। জেলার মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গত অর্থবছরে যশোরে ২ লাখ ৮৮ হাজার ৬১৭ টন বিভিন্ন ধরনের মাছ উৎপাদিত হয়েছে। জেলার ৩১ লাখ মানুষের মাঝে মোট মাছের চাহিদা ৭০ হাজার ২৮০ টন। উদ্বৃত্ত মাছের মধ্যে ১৫ হাজার ৮৩৩ টন ভারতের রপ্তানির পাশাপাশি দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হয়েছে ১ লাখ ৬২ হাজার ৪০৪ মেট্রিক টন। যশোরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মনিরুল মামুন বলেন, যশোর থেকে ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে যশোর থেকে ২ হাজার মেট্রিক টনেরও বেশি মাছ রপ্তানি হয়েছে। এবার মাছের উৎপাদন ও রপ্তানি আরও বাড়বে বলে তিনি আশা করছেন।
