রোনালদো ম্যাজিকে অপ্রতিরোধ্য আল নাসর

অনলাইন ডেস্ক

সৌদি প্রো লিগের নতুন মৌসুমে যেন থামার নামই নেই আল নাসরের। ম্যাচে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেওয়ার গল্পটা এবারও লিখল রিয়াদের ক্লাবটি। আর সেই গল্পের মূল নায়ক পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

রিয়াদের আল আউয়াল পার্কে আল তাওয়ুনকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। দলের জয়সূচক গোলটি এসেছে রোনালদোর পা থেকে। দুর্দান্ত এক ফ্লিকে গোল করে নিজের জাত চিনিয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা।

ম্যাচের শুরুটা অবশ্য আল নাসরের পক্ষে ছিল না। ১১ মিনিটেই বাসেম মোহাম্মদ আলহুরাইজির গোলে এগিয়ে যায় আল তাওয়ুন। তবে বিরতির ঠিক আগে ম্যাচে ফেরে স্বাগতিকরা। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রোনালদোর স্বদেশি সামু কস্তা গোল করে সমতা ফেরান।

বিরতির পর ম্যাচের চেহারা বদলে দেন রোনালদো। দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র পাঁচ মিনিটের মাথায় মোহাম্মদ সিমিকানের নেওয়া শট থেকে আসা বল ছয় গজ দূরত্বে পেয়ে ডান পায়ের নিখুঁত ফ্লিকে জালে পাঠান পর্তুগিজ তারকা। তার বুদ্ধিদীপ্ত সেই ফ্লিকেই শেষ পর্যন্ত নিশ্চিত হয় আল নাসরের জয়।

এরপর আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর। মৌসুমের প্রথম চার ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে দলটি। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল হিলাল।
দলের জয়ের পাশাপাশি ব্যক্তিগত মাইলফলকেও এগিয়ে গেলেন রোনালদো।

পেশাদার ফুটবলে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৮। প্রথম ফুটবলার হিসেবে এক হাজার গোলের মাইলফলক ছুঁতে এখন আর মাত্র ২২ গোল প্রয়োজন তার।

চলতি মৌসুমে আল নাসরের হয়ে এটি রোনালদোর দ্বিতীয় গোল। এর আগে আল রিয়াদের বিপক্ষে গোল করেছিলেন তিনি। বয়স ৪১ পেরোলেও গোলের ক্ষুধা যে এতটুকু কমেনি, আল তাওয়ুনের বিপক্ষে তার সেই দুর্দান্ত ফ্লিকই যেন তার আরেকটি প্রমাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights