ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার হিমাংশু যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
ভারতের অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার হিমাংশু ভাউ ওরফে হিমাংশু রিটোলিয়াকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে খুঁজছিল ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে, হিমাংশুকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের পর তাঁকে ভারতে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু করার সুযোগ তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে ২০২৩ সালে ইন্টারপোলের রেড নোটিস জারি করা হয়েছিল।

হরিয়ানার রোহতক জেলার রিটোলি গ্রামের বাসিন্দা হিমাংশু কৈশোরেই অপরাধজগতে জড়িয়ে পড়েন। ২০২০ সালে কিশোর সংশোধনাগার থেকে আরও কয়েকজন বন্দির সঙ্গে পালিয়ে যান তিনি। খুন, খুনের চেষ্টা, তোলাবাজি, প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনসহ অন্তত ১৮টি মামলায় তাঁর নাম রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্তকারীদের অভিযোগ, বিদেশে অবস্থান করেও দিল্লি, হরিয়ানা ও পাঞ্জাবে অপরাধমূলক কর্মকাণ্ডের নেটওয়ার্ক পরিচালনা করতেন হিমাংশু। বিভিন্ন ব্যবসায়ী ও শিল্পপতিকে হত্যা এবং তাঁদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগেও তাঁর নাম জড়িয়েছে।

হিমাংশু গ্যাংস্টার নীরজ ভওয়ানার গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে তদন্তকারীদের দাবি। এই গোষ্ঠীর সঙ্গে লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠীর দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

ইন্টারপোলের রেড নোটিস জারির উদ্দেশ্য হলো কোনো ব্যক্তির অবস্থান শনাক্ত করা এবং তাঁকে সাময়িকভাবে গ্রেপ্তারের জন্য সদস্যদেশগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহযোগিতা চাওয়া। তবে রেড নোটিস নিজে কোনো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়।

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের পর হিমাংশুকে ভারতে ফিরিয়ে আনতে দেশটির সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন জানাতে পারে ভারত। তবে তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights